
বর্ণানুক্রমে
নোটিশ বোর্ড
জনপ্রিয়
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।
নজরুলগীতির সকল অতিথি ও শুভানুধ্যায়ীকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

ওমা দনুজ-দলনী মহাশক্তি নমো অনন্ত কল্যাণ-দাত্রী (নমো)। পরমেশ্বরী মহিষ-মর্দিনী চরাচর-বিশ্ব-বিধাত্রী (নমো নমঃ)।। সর্বদেব-দেবী তেজোময়ী অশিব-অকল্যাণ-অসুর-জয়ী, দশভুজা তুমি মা, ভীতজন-তারিণী জননী জগৎ-ধাত্রী।। দীনতা ভীরুতা লাজ গ্লানি ঘুচাও, দলন কর মা লোভ দানবে; রূপ দাও, জয় দাও, যশ দাও, মান দাও, দেবতা কর ভীরু মানবে। শক্তি বিভব দাও, দাও মা আলোক দুঃখ-দারিদ্র্য অপগত হোক্, জীবে জীবে হিংসা, এই সংশয় (মাগো) দূর হোক পোহাক এ দুর্যোগ রাত্রি।।
রাগঃ বাগেশ্রী-বাহার
তালঃ ত্রিতাল

ও কে মুঠি মুঠি আবীর কাননে ছড়ায় রাঙা-হাসির পরাগ-ফুল আননে ঝরায়।। তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে তার লালসার রঙ জাগে রাঙা অশোকে তার রঙিন নিশান দোলে কৃষ্ণ চূড়ায়।। তার পুষ্প ধনু দোলে শিমূল শাখায় তার কানা কাঁপে গো ভোমরা পাখায়, সে খোঁপাতে বেল-ফুলের মালা জড়ায়।। সে কুসমী শাড়ি পরায় নীল বসনায় সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই সে শুকনো বনে ফাগুন আগুন ধরায়।।
রাগঃ
তালঃ দ্রুত-দাদ্রা

দে গরুর গা ধুইয়ে – নিয়ে ষন্ডা মার্কা গিন্নি গন্ডা তিনেক আন্ডা বাচ্চা ঠান্ডা মেরে গেছি দাদা তোমরা ভাব আজি আচ্ছা আমি থাকি বাছুর ধরে খায় অন্যে গাই দুইয়ে। দে গরুর গা ধুইয়ে – নিতি নূতন পুষ্যি (গজায়) যেন গোদের উপর গ্যাঁজ যেন দুম্বা ভেড়ার ন্যাজ বাবা (ঘরে) হাঁড়িতে ইঁদুর ডন ফেলে আর বাহিরে রসুন প্যাঁজ ভাই হোটেলে রসুন প্যাঁজ চুটকে আমায় চাটনী করলে সিক্নি ঝরে নাক চুইয়ে। দে গরুর গা ধুইয়ে – খামচা খামচি করে নিতুই এ সংসারের সাথে নুন ছাল উঠে গেল প্রাণের মাথা হল আলু ভাতে করাত চেরা করে বরাত আমার উপর চিৎ শুইয়ে। দে গরুর গা ধুইয়ে – পাছড়ে ফেলে স্ত্রী পুত্র যেন প্যাঁচড়া আঁচড়ায় জিসকা ফাটে উসকা ফাটে ধোবি বসে আছড়ায় ন্যাংটা শিরের মন্ত্র দাদা পেয়েছি দু-কান খুইয়ে। দে গরুর গা ধুইয়ে — জোরেসোরে।
রাগঃ
তালঃ ফের্তা
তোর কালো রূপ লুকাতে মা বৃথাই আয়োজন। ঢাকতে নারে ও রূপ, কোটি চন্দ্র তপন।। মাখিয়ে আলো আমার চোখে লুকিয়ে রাখিস তোর কালোকে, তোর অতল কালো রূপে মাগো বিশ্ব নিমগন।। আঁধার নিশীথ সে যেন তোর কালো রূপের ধ্যান তোর গহন কালোয় গাহন ক’রে জুড়ায় ধরার প্রাণ। হেরি তোর কালো রূপ স্নিগ্ধ-করা শ্যামা হ’ল বসুন্ধরা, নিবল কোটি সূর্য, তোরে খুঁজে অনুক্ষণ।।
রাগঃ জৌনপুরী
তালঃ দাদ্রা

ওহে রসিক রসাল কদলী। ভাবুকের তুমি ভাবের আধার পেটুকের প্রাণ-পুতলী।। আহা, তুমি যুগে যুগে বর্তমান বৃন্দাবনে মোহন বাঁশি বাঙলায় মর্তমান। বহুরূপী তুমি বহুনামধারী চম্প বীচে কাঁঠালি।। তোমার কাঁচকলা রূপের উপাসক পেট-রোগা যত ভক্ত, ঝোলে কি ভাজায় তোমারে সাজায় (তুমি) মজাও পলতা শুক্ত। নৈবেদ্যে ও আদ্য শ্রাদ্ধে দয়াময়, জগতের যত নর-বানর তোমার কৃপার কাঙালি।।
কৌতুক নাটিকা : ‘পণ্ডিত মশায়ের ব্যাঘ্র শিকার’
রাগঃ
তালঃ ফের্তা (দাদ্রা ও কাহার্বা)

অনাদি কাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়। আকাশ–বাতাস রবি–গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়।। সমুদ্র–কল্লোল নির্ঝর–কলতান – হে বিরাট, তোমার উদার জয়গান; ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারি জয়।। তব নামের বাজায় বীণা বনের পল্লব জনহীন প্রান্তর স্তব করে, নীরব। সকল জাতির কোটি উপাসনালয় গাহে তোমারি জয়।। আলোকের উল্লাসে, আঁধারের তন্দ্রায় তব জয়গান বাজে অপরুপ মহিমায়, কোটি যুগ–যুগান্ত সৃষ্টি প্রলয় গাহে তোমারি জয়।।
রাগঃ ধানি
তালঃ ত্রিতাল

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan