


ঊষা এলো চুপি চুপি রাঙিয়া সলাজ অনুরাগে। চাহে ভীরু নববধূ সম তরুণ অরুণ বুঝি জাগে।। শুকতারা যেন তার জলভরা আঁখি আনন্দ বেদনায় কাঁপে থাকি’ থাকি’, সেবার লাগিয়া হাত দু’টি মালার সম পড়ে লুটি কাহার পরশ-রস মাগে।।
রাগঃ আশা-টোড়ি
তালঃ ত্রিতাল

ইসলামের ঐ সওদা লয়ে এলো নবীন সওদাগর। বদনসীব আয়, আয় গুনাহগার নূতন করে সওদা কর।। জীবন ভ'রে করলি লোকসান আজ হিসাব তার খতিয়ে নে; বিনিমূলে দেয় বিলিয়ে সে যে বেহেশতী নজর।। কোরানের ঐ জাহাজ বোঝাই হীরা মুক্তা পান্নাতে, লুটে নে রে, লুটে নে সব, ভরে তোল তোর শূন্য ঘর। কেয়ামতের বাজারে ভাই মুনাফা যে চাও বহুৎ — এই ব্যাপারীর হও খরিদ্দার লও রে ইহার সিল-মোহর।। আরশ হতে পথ ভুলে এ এলো মদিনা শহর, নামে মোবারক মোহাম্মদ — পুঁজি 'আল্লাহু আকবর'।।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

কে তুমি দূরের সাথি এলে ফুল ঝরার বেলায়। বিদায়ের বংশী বাজে ভাঙা মোর প্রাণের মেলায়॥ গোধূলির মায়ায় ভুলে এলে হায় সন্ধ্যা-কূলে, দীপহীন মোর দেউলে এলে কোন্ আলোর খেলায়॥ সেদিনো প্রভাতে মোর বেজেছে আশাবরি, পূরবীর কান্না শুনি আজি মোর শূন্য ভরি। অবেলায় কুঞ্জবীথি এলে মোর শেষ অতিথি, ঝরা ফুল শেষের গীতি দিনু দান তোমার গলায়॥
রাগঃ পূরবী
তালঃ একতাল
জোছনা-হসিত মাধবী নিশি আজ। পর পর প্রিয়া বাসন্তি-রাঙা সাজ।। রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে পর সোনালি চেলি নব সোনাল্ ফুলে, স্বর্ণলতার প’র সাতনরী-হার আজি উৎসব-রাত, রাখ রাখ গৃহ-কাজ।। পর কবরী-মূলে নব আমের মুকুল হাতে কাঁকন পর গেঁথে অতসীর ফুল, দূরে গাহুক ডাহুক পাখি সখি, মুখর নিলাজ।।
রাগঃ পিলু-খাম্বাজ
তালঃ লাউনি
মা-মা-মা-মা-মা-মাগো এবারের পূজা মাগো দশভূজা বড় দুর্গতিময়। পড়েছিস এ.বি.সি.ডি? বুঝিস ব্ল্যাক আউট কারে কয়? ব্ল্যাক আউট মানে যত কালো ছিল বাহির হয়েছে মাগো যত আলো ছিল যত ভালো ছিল, সকলেরে বলে ভাগো। ডাইনে বাঁ ধারে ভীষণ আঁধারে হাঁটু কাঁপে আর হাঁটি আমড়ার মত হয়ে আছি মাগো চামড়া এবং আঁটি। নন্দী ভৃঙ্গী সিঙ্গি যাইলে তাহারাও ভয় পাবে তাদের দিব্য দৃষ্টি লয়েও মাগো আঁধারে হোঁচট খাবে। বলি বিগ্রহ তোর কে দেখিতে যাবে মা কুগ্রহের ফেরে বিড়ি খেয়ে ফেরে গুন্ডারা যদি দেয় মাগো ভুঁড়ি ফেড়ে। মা তুই বর দেওয়ার আগেই বর্বরেরা এসে ঠেসে ধরে নিয়ে যাবে চিত্রগুপ্তের দেশে। চোঁয়া ঢেকুর ওঠে মা মেকুর ডাকিলে কেঁদে উঠি ওঙা ওঙা; ঢেঁকির আওয়াজ শুনলে মাগো ভয়ে খাড়া হয়ে ওঠে রোঁয়া। সত্য পথে মা চলিতে পারি না পথে কাদা রাখে ফেলে উচিত কথা মাগো বলিতে পারি না চিৎ করে দেয় ফেলে। এ চিতে শক্তি দে মা চিৎ করবো ভয়কে বলবো এবার তোরে খাব দে মা মাগো মা।।
নাট্য-গ্রন্থঃ ‘ব্লাক আউট’
ব্ল্যাক আউট নাট্যগ্রন্থের এই পাঠকে, আদি রেকর্ডের (এন. ২৭২০৬) পাঠের তুলনায়, স্বতন্ত্র গান হিসাবে বিবেচনা করা যায়।
[অগ্রন্থিত নজরুল, সংকলন ও সম্পাদনাঃ ব্রহ্মমোহন ঠাকুর, ডি.এম. লাইব্রেরি, কলকাতা, ২০০৩]
রাগঃ
তালঃ ফের্তা
হোক প্রবুদ্ধ সঙ্ঘবন্ধ মোদের মহাভারত হোক সার্থক নাম। হোক এই জাতি ধর্মে এক, কর্মে এক, মর্মে এক — এক লক্ষ্যে মধুর সখ্যে, পূর্ণ হউক পূর্ণ হউক আর্যাবর্তধাম।।
নাটিকাঃ ‘সুরথ উদ্ধার’
রাগঃ
তালঃ দাদ্রা

Nazrulgeeti.org is the largest portal in the world about Nazrulgeeti. Anything and everything about Nazrulgeeti will be found in this portal. All lyrics, used raag and taal, audio/video, swaralipi and unknown stories behind the song, everything will be available here. The collection is growing every day. Be with us and help spread Nazrulgeeti worldwide.
Developed, Owned and Maintained by Mamunur Rahman Khan